পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১২

'অলির কণ্ঠে শর্মিলা বোস'

 দৈনিক আজাদী                    উপসম্পাদকীয়                       কাল আজ কাল
২৯ মার্চ বৃহস্পতিবার ২০১২ খ্রি. ১৫ চৈত্র ১৪১৮ সাল ৫ জমাদিউল আওয়াল ১৪৩৩ হিজরি

‘আলেমের ঘরে জালেম’ একটি অতি পুরনো প্রবাদ। ভালো মানুষের ঘরে কোন কুলাঙ্গার সন্তান জন্ম নিলে সাধারণত এই প্রবাদটি উচ্চারিত হয়ে থাকে। সে ক্ষেত্রে বৃটিশ ভারতে বাঙালির মুক্তি সংগ্রামের নেতা নেতাজী সুভাষ বোস এর ভাতিজি লন্ডন প্রবাসী ভারতীয় শর্মিলা বসুর সাম্প্রতিক ন্যক্কারজনক কীর্তিকলাপে প্রবাদটি বেশ প্রযোজ্য বলেই মনে হয়। পত্রিকায় এই মহিলার নাম উল্লেখ করে পাঠকদের কাছে তাকে পরিচিত করে তুলবার কাজটিও আমার কাছে ভীষণ অপরুচি বলে মনে হচ্ছে। কারণ সমাজে কিছু কিছু নোংরাস্থান থাকে- যেখানে মানুষ সহজে যেতে চায় না, আর গেলেও ঐ নোংরা পদার্থগুলো ঘাঁটে না কারণ তাতে গন্ধ আরও বেশি ছড়াবে, পরিবেশ নষ্ট হবে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ নিয়ে এই বিবেকহীন মহিলা যে মিথ্যাচার ও নোংরামি করেছেন তার উল্লেখ করে আমি পক্ষান্তরে ত্রিশ লক্ষ শহীদের আত্মা ও প্রায় তিন লক্ষ মা-বোনের সম্ভ্রমের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করতে চাই না। বিশেষ কোন দেশ বা বাংলাদেশের বিশেষ কোন গোষ্ঠীর পোষ্য তথাকথিত গবেষক এই মহিলা গবেষণার নামে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ত্রিশ লক্ষ শহীদ, প্রায় তিন লক্ষ নির্যাতিতা মা-বোন তথা এদেশের ১৬ কোটি মানুষকে চরমভাবে অপমান করেছেন। প্রায় সাড়ে তিন দশক পরে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ, গণহত্যা, ধর্ষণ, লুটতরাজ, অগ্নিসংযোগ ও ব্যাপক ক্ষয়ক্ষতি নিয়ে দেশে কিংবা বিশ্বের কোথাও কোন প্রকার বিতর্ক নেই, একটি গণতান্ত্রিক ও স্বাধীনতার সপক্ষের একটি সরকারের উদ্যোগে যখন দেশে ’৭১ এর মানবতা বিরোধী অপরাধীদের বিচারে গঠিত বিশেষ ট্রাইবুনালে ঘাতকদের বিচারের সম্মুখিন করা হয়েছে সে সময় লন্ডন প্রবাসী এক প্রকারের অখ্যাত কোন এক লেখিকা কেন, কী উদ্দেশে বা কাদের স্বার্থ রক্ষার তাগিদে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা, কটাক্ষ করা ও অপমান করার গল্প ফাঁদলেন তা খুঁজে বের করা দরকার। দেশ স্বাধীন হওয়ার পরপর পাকিস্তানি নাগরিক গোলাম আজম গংদের নেতৃত্বে লন্ডন ও মধ্যপ্রাচ্যের দেশ সমূহে ‘পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি গঠন করা হয়েছিল। যাদের উদ্দেশ্য ছিল মধ্য প্রাচ্যের মুসলিমদেশ, ইউরোপ ও আমেরিকার মত দেশগুলোতে বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালানো এবং ’৭১ এর ২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এদেশে পাকিস্তানিদের হত্যা, ধর্ষণ অগ্নিসংযোগ ও গণহত্যাকে মিথ্যা বলে প্রচার করা। এই প্রচার এখনো থেমে থাকেনি বরং সে সব ঘৃণিত যুদ্ধাপরাধী তথা রাজাকার, আলবদর আল শামস ও শান্তি কমিটির গডফাদারদের যখন বিচারের কাঠগড়ায় দাড় করিয়ে দেয়া হয়েছে তখন তা বহুগুণ, বহুভাবে ও বহুমাত্রায় ছড়িয়ে পড়েছে। মরণঘাতী রোগে আক্রান্ত ব্যক্তি যখন তার সঞ্চিত সর্বস্ব বিক্রি করে বাঁচতে চায়, সে যখন ভাবে বেঁচে উঠলে তা আবার অর্জন করা সম্ভব তেমনিভাবে যুদ্ধাপরাধী অর্থাৎ জামাত-শিবির তাদের এতদিন ধরে অর্জিত অর্থ সম্পদ সবকিছু বিকিয়ে দিয়ে হলেও পুনরায় বেঁচে উঠতে চাইবে। তাই-হাজার হাজার কোটি টাকা বিদেশি বিভিন্ন ব্যক্তি, সংস্থা ও লবিস্ট কোম্পানির পিছনে ঢেলে তারা বর্তমান সরকার ও তাদের দ্বারা গঠিত বিশেষ ট্রাইবুনালকে বিতর্কিত ও ব্যর্থ করতে চাইবে। আলোচিত ঐ মহিলাও তেমনি একজন ‘পেইড গবেষক ও লেখিকা’। আমি লেখার শুরুতে বলেছি এই মহিলা বা তার লেখা ও গবেষণার বিষয়ে লিখবার রুচি আমার নেই, বড়জোর তা দিয়ে ঠেকায় পড়লে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করা যায় মাত্র, লিখতে বাধ্য হলাম সম্প্রতি কর্নেল অলি আহমেদের সাম্প্রতিক বক্তব্যে ঐ মহিলার মতের মিল খুঁজে পেয়ে। গত তেইশ মার্চ জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিভ্রান্ত ও রুচিহীন এই ব্যক্তি তার বক্তব্যে মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ হওয়ার স্বীকৃত এই তথ্যটিকে অবাস্তব বলে দাবি করে বলেছেন সরাসরি যুদ্ধে অংশ নিয়ে যারা মারা গেছেন তারাই শুধু শহীদ, আর অস্ত্র হাতে নেয়ার মুক্তিযোদ্ধার সংখ্যা বড়জোর ৩০ হাজার। তিনি তাঁর বক্তব্যে যুদ্ধে অংশগ্রহণকারী গেরিলা বাহিনী, মুজিব বাহিনী, ন্যাপ, ছাত্র ইউনিয়ন, কমিউনিস্ট পার্টির গেরিলা বাহিনী ও কাদেরিয়া বাহিনীসহ লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাদের অসীম অবদানকে অস্বীকার করেছেন। সদ্য মহাজোট ত্যাগকারি এনডিপি নেতা কিছুদিন আগে তাঁর নির্বাচনী এলাকার একজন মহিলা সাংসদকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় তার এলাকা, বৃহত্তর চট্টগ্রামে অবাঞ্ছিত হওয়ার পাশাপাশি সারাদেশে প্রচণ্ড সমালোচনার সম্মুখিন হয়েছিলেন। এ জন্যে মামলায় জড়িয়ে আদালতে হাজিরা দিতে গিয়ে বিক্ষুব্ধ জনতার হাতে লাঞ্ছিতও হয়েছেন। আমি ব্যক্তিগতভাবে তাকে নিন্দা জানাচ্ছি না বরঞ্চ ধন্যবাদ জানাচ্ছি অকপটে তার মনের কথা প্রকাশ করার জন্যে। কারণ তার এ বক্তব্যের দ্বারা সত্যের দুটো উদাহরণ তৈরি করেছেন তিনি, তার একটি হলো কুকুরের লেজ কখনো সোজা হয় না, আর অপরটি হলো, ‘একজন মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নন, কিন্তু একজন রাজাকার আজীবন রাজাকার।’ এই সত্যটি একজন মক্তিযোদ্ধার পক্ষেই সম্ভব মুক্তিযুদ্ধকে খাটো করা বা বিতর্কিত করা, যা অন্যের পক্ষে সম্ভব নয়। যে কাজটি অলি সাহেবের নেতা মুক্তিযোদ্ধা ও সেকটর কমান্ডার বলে খ্যাত জিয়াউর রহমান শুরু করেছিলেন। সাড়ে তিন বছর আগে যারা একে অপরকে পেলে হত্যা করতেন, বঙ্গবন্ধুকে হত্যার পরে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়ে প্রেসিডেন্ট জিয়া তাদের মধ্যে শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে ছিলেন, দালাল আইন রহিত করে যুদ্ধাপরাধীদের মুক্ত করে দিয়েছিলেন, গোলাম আজমকে এদেশে বসবাসের সুযোগ করে দিয়েছিলেন। তার একজন গুণমুগ্ধ শিষ্য ও সেই রাজনীতির বাই প্রোডাক্ট কর্নেল অলির স্থান যে মহাজোট নয় তা অনুধাবন করতে মাত্র তিন বছরের মত সময় লাগলো আর কি। যে মুক্তিযুদ্ধ একজন সাধারণ মেজরকে একটি স্বাধীন রাষ্ট্রের রাষ্ট্রপতি বানিয়েছিল, যে মুক্তিযুদ্ধ একজন অখ্যাত ক্যাপ্টেনকে একটি স্বাধীন রাষ্ট্রের মন্ত্রী বানিয়েছিল সে মুক্তিযুদ্ধকে খাটো করার, বিকৃত ও বিতর্কিত করার কাজটি যিনি করেন তিনি বা তারা আর যাই হোক নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় না দেয়াই উচিৎ। তাদেরকে দেয়া যুদ্ধকালীন খেতাব রাষ্ট্রকে ফিরিয়ে দেয়া উচিৎ। কারণ মুক্তিযুদ্ধ পাক-ভারত যুদ্ধ নয় এবং স্রেফ একটি রাষ্ট্র কাঠামো থেকে বেরিয়ে আরেকটি রাষ্ট্র সৃষ্টি করাও নয়। মুক্তিযুদ্ধ একটি আদর্শের যুদ্ধ। একটি চেতনার যুদ্ধ। বায়ান্নের ভাষা আন্দোলনের মাধ্যমে পুনর্জাগরিত বাঙালি জাতীয়তাবাদ, পাকিস্তান নামক সাম্প্রদায়িক রাষ্ট্রের বিপরীতের একটি অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ও শোষণহীন, বঞ্চনাহীন সমাজ প্রতিষ্ঠাই ছিল মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা। এই চেতনা, ধারণা ও আদর্শকে যারা আজীবন লালন করতে পারেন তিনিই প্রকৃত মুক্তিযোদ্ধা আর যিনি বা যাঁরা বিচ্যুত হয়ে আবার পাকিস্তানি ভাবধারায় দেশকে প্রতিষ্ঠা করতে চান তারা মুক্তিযোদ্ধা নন। মুক্তিযোদ্ধারা সামরিক বাহিনীর লোক নন, তাই তাদের অবসরও নেই, যুদ্ধের শেষও নেই। যে আদর্শ, চেতনা থেকে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিলো তার পূর্ণ বাস্তবায়ন ছাড়া মুক্তিযুদ্ধের শেষ নেই, সমাপ্তি নেই, তাই আমরা বলি মুক্তিযুদ্ধ অবিরাম ও প্রবহমান। এর প্রতি যারা আজীবন অবিচল তারাই মুক্তিযোদ্ধা আর মুক্তিযুদ্ধ করেও এই আদর্শ থেকে যারা চ্যুত হয়েছেন তারা মুক্তিযোদ্ধা নন। এভাবেই অনেকেই শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধা হয়ে থাকতে পারেন নি। আর সারাজীবন বাংলাদেশ ও তার প্রকৃত চেতনাবিরোধী মনোভাব নিয়ে রাজাকাররা আমৃত্যু রাজাকারই থেকে যান। কর্নেল অলিরা ‘বগলে ইট মুখে শেখ ফরিদ’এর মত মুক্তিযোদ্ধা সেজে প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধেরই বিশাল ক্ষতি করেছেন। শুধু বাংলাদেশের সরকার বা জনগণের পরিসংখ্যান নয় বরং বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা কর্তৃক স্বীকৃত আমাদের মহান মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে, এঁদের আবার শহীদ হিসেবে উল্লেখ না করার ইংগিত দিয়ে, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাদের অবদানকে খাটো করে অলি সাহেব যে অসৌজন্য ও বিশ্বাঘাতকতার পরিচয় দিয়েছেন তার জন্যে জাতির কাছে তার ক্ষমা চাওয়া উচিৎ। বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন তার স্বাধীনতাকে ও তার গৌরবের মুক্তিযুদ্ধ নিয়ে এমন কটাক্ষকারীকে অবশ্যই জনতার বিচারের কাঠগড়ায় তোলা উচিৎ। শর্মিলা বোস নামক এক অখ্যাত লেখিকা লন্ডনে বসে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ বিরোধী বক্তব্য ও মতামত প্রচার করে বহির্বিশ্বে বাংলাদেশের সম্মান ও মর্যাদার হানি করে যেমন অমার্জনীয় অপরাধ করছেন ঠিক তেমনি করে এদেশে বসবাস করে এ দেশের জন্মকথা নিয়ে কটাক্ষকারী অলিরাও সে তুলনায় কম অপরাধী নন। একাত্তরের যুদ্ধাপরাধীদের বাঁচাতে দেশে বিদেশে অনেক ব্যক্তি, প্রতিষ্ঠান সক্রিয়। প্রধান বিরোধীদল বিএনপি-তো এখন প্রকাশ্যভাবেই যুদ্ধাপরাধীদের পক্ষে। জামাত-শিবিরের ব্যাংক ও বেকারি ও চিকিৎসা-ব্যবসার মাধ্যমে অর্জিত হাজার হাজার কোটি টাকা খরচ করে দেশে বিদেশে বিভিন্ন ট্রাইবুনাল বিরোধী কার্যক্রম চালানো হচ্ছে। এই শক্তির ইশারায়ও তাদের শেখানো বুলিতে কথা বলছে শর্মিলা বোসদের মতো ভাড়াটিয়া লেখকরা। কর্নেল অলিদের মতো ব্যক্তিরা যখন শর্মিলা বোসদের সুরে কথা বলেন তখন আমাদের বুঝতে বাকী থাকে না শর্মিলা এত মিথ্যা লেখার সূত্র, তথ্য, অর্থ ও সাহস কাদের মাধ্যমে, কোন রাজনৈতিক জোটের দ্বারা কীভাবে ও কেন পেয়েছেন।
 

লেখকঃ কবি, সাংবাদিক ও কলাম লেখক
email: qbadal@yahoo.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য লিখুন

পোস্টসমূহ